আরম্ভে
এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
বাতাসে যে ব্যথা যেতেছিল ভেসে, ভেসে,
যে বেদনা ছিল বনের বুকেরি মাঝে,
লুকানো যা ছিল অগাধ-অতল দেশে,
তারে ভাষা দিতে বেণু সে ফুকারি বাজে!
মুকের স্বপনে মুখর করিতে চায়,
ভিখারি আতুরে দিতে চায় ভালোবাসা,
পুলক-প্লাবনে পরান ভাসাবে, হায়,
এমনি কামনা-এতখানি তার আশা!
হৃদয়ে যে সুর গুমরি মরিতেছিল,
যে রাগিণী কভু ফুটেনি কণ্ঠে-গানে,
শিহরি, মুরছি, সেকি আজ ধরা দিল,
-কাঁপিয়া, দুলিয়া, ঝঙ্কারে-বীণাতানে?
বিপুল সুখের আকুল অশ্রুধারা,
-মর্মতলের মর্মরময়ী ভাষা,
-ধ্বনিয়া তুলিবে-স্পন্দনে হয়ে হারা,
এমনি কামনা-এতখানি তার আশা!
কতদিন হল বেজেছে ব্যাকুল বেণু,
মানসের জলে বেজেছে বিভোল্ বীণা,
তারি মূর্ছনা-তারি সুর রেণু, রেণু,
আকাশে-বাতাসে ফিরিছে আলয়হীনা।
পরান আমার শুনেছে সে মধু-বাণী,
ধরিবারে তাই চাহে সে তাহারে গানে,
হে মানসী-দেবী! হে মোর রাগিণী-রানী!
সে কি ফুটিবে না 'বেণু ও বীণা'র তানে?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।