দেবতার স্থান
এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
ভিখারী ঘুমায়েছিল মন্দিরের ছায়ে ;
সহসা ভাঙিল ঘুম চীংকার ধ্বনিতে,
জাগিয়া, চাহিয়া দেখে, পূজারী দাঁড়ায়ে,—
গালি পাড়ে, ক্রোধে যায় ধাইয়া মারিতে ।
বিস্ময়ে ভিখারী বলে, "গোঁসাই ঠাকুর !
বুঝিতে না পারি মোরে কেন দাও গালি,
ভিক্ষা মেগে ফিরিয়াছি সারাটি দু'পুর,
শ্রান্ত বড়, তাই হেথা শুয়েছিনু খালি।"
রুষিয়া পূজারী কহে, "চুপ, বেটা চোর—
নীচ জাতি,—জাননা এ দেবতার ঠাঁই ?
মন্দিরের অভিমুখে পা' রাখিয়া তোর—
এটা হল আরামের ঠাঁই—কি বালাই ।"
সে বলে, "পা' ল'য়ে তবে কোথা আমি যাই,
এ জগতে সকলি যে দেবতার ঠাঁই !"
_______________________
সূত্র : বেণু ও বীণা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।