সোনালি দুঃখ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সোনালি সুতোর ঋণে পৃথিবীকে দিয়েছো অশেষ
যন্ত্রণা, এখনো মরো, মরে যাও—শুনবো দূর থেকে
কিছুতেই যাবো না কাছে, মুক্ত করো হে কাঙাল রাহু প্রেম,
ঊর্ণাজাল ছিঁড়ে একবার অন্তত ওঠো হেঁকে :
এখন যাবার বেলা ওর পৃথিবীর অন্যপারে।
কে না জানে, ভাবে জল ; ভাসে লাল সাঁতারে স্বাধীন
মুখাপেক্ষী মানুষের একদা কি দুর্দম লড়াই
ভালোবাসাবাসি, শুধু ছুঁয়ে দেখা, বাস্তুর গঠন—
কাকে টানে নম্র কোঁচো, কার মুহুর্মুহু ওড়ে ছাই বাতাসে,
সকলি জানি ; তবু রাগ কেউটের মতন এখনো গর্জায়,
ব্যথা ছাপ মারে গোবরের তাল
গলির দেয়াল জুড়ে, কাংস্য ঘুঁটেঅলা আমি ঘোর
তোমাকে বিষাক্ত করি, এমনকি ঘা দিই খাঁড়ার
মড়ার ওপরে, কেন ভালোবেসেছিলাম একদা?
কাব্যগ্রন্থ -
'প্রভু নষ্ট হয়ে যাই'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।