বাগানের কেউ নয় নষ্ট ফল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নষ্ট কিছু ফল পড়ে মাটিতে গড়ায়।
নিজে নয়, নিজে ও তো গড়াতে পারে না।
কিছু পিঁপড়ে টেনে নিয়ে যায় ওকে খন্দে ফেলে দিতে--
ফেলে দেয়, ও কিছু বলে না।
বলার উপায় নেই, ওর শুধু নষ্ট চেয়ে থাকা,
চেয়ে-চেয়ে কিছু বলা, নষ্ট কিছু বলা।
ফলের বদলে ঐ খন্দ কথা বলে।
কাদা আছে, কাদা কিছু বলে!
নষ্ট কিছু ফল পড়ে মাটিতে গড়ায়--
দুর্ভাগার দিনকাল শেষ, তাই মাটিতে গড়ায়,
কিছু পিঁপড়ে টেনে নিয়ে যায় ওকে খন্দে ফেলে দিতে--
বাগানের কেউ নয় নষ্ট ফল, একদিনই ছিলো॥
কাব্যগ্রন্থ ---
'আমি চলে যেতে পারি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।