কুস্থানাদপি
এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
স্বাগত, স্বাগত, বারাঙ্গনা!
তুমি কর ভাব উপদেশ;
সোনা সে সকল ঠাঁই সোনা,
যাই হোক পাত্র, কাল, দেশ।
পীড়া পেলে পথের কুকুর,
হও তুমি কাঁদিয়া বিব্রত;-
ব্যথা তার করিবারে দূর
প্রাণ ঢেলে সেবিছ নিয়ত!
উঠিছে সে শ্বসিয়া,শ্বসিয়া
ঊর্ধ্বমুখ উদগত নয়ন;
শ্বসিয়া-- ধ্বসিয়া পড়ে হিয়া-
তোমার যে তাহারি মতন।
হাসে লোকে কান্না তোর দেখে,
ক্ষুণ্ণ- দৃষ্টি-উত্তর তাহার!
এত দিন কিসে ছিল ঢেকে-
এ হৃদয়- উৎস মমতার?
দেখি তোর ভাব আজিকার-
আনন্দাশ্রু এল চক্ষুভরে
বুদ্ধ-তুমি- খ্রীষ্ট অবতার--
দিনেকের-ক্ষণেকের তরে!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।