নেমে আসে অন্ধকারে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বিষণ্ণ জলের ধারা নেমে আসে অন্ধকার মাঠে।
ঘর থেকে শব্দ পাই, গন্ধ পাই, স্পর্শ পেতে পারি
দূর থেকে কাছে টানে জলধারা হৃদয়ে ডোবায়
আপাদমস্তক ডুবে সে রয়েছে চাঁদের মতন
একা, ঐ মধ্যমাঠে, স্বজনবর্জিত রলরোলে -
ভালো থাকবে বলে ছিলো চিৎ হয়ে ঘাসের উপরে,
না-ঘুম, না জাগরণ, না বস্তু, না স্বপ্নের জগতে
ছিলো, সুখে থাকবে বলে, এখন নিশ্চিন্ত ডুবে গেছে
বিষণ্ণ জলের ধারা নেমে আসে অন্ধকারে, মাঠে
অকষ্মাৎ নেমে আসে, মাঠ ঘাট প্রান্তর ভাসিয়ে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।