মনে হয়, কিছুই দেবে না
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কখনো দেখিনি তাকে, কিন্তু, তার মুখময় পরিত্রাণ
লেখা হয়ে আছে
পথের ধূলোতে তীব্র হয়েছে ও-মুখ
অর্জুনের ছায়া-ফেলা সংশ্লিষ্ট অসুখ
তাকে বন্দী করে
মনে হয় সুখী হবে ঝড়ে
বৃষ্টিতেও কিছুটা স্বাধীন
সম্ভ্রান্ত পোশাক ছেড়ে কাছাকাছি থাকবে কিছুদিন।।
আমন্ত্রণ করে নিতে এসেছিল, একাকীও নয়
সঙ্গে ছিলো সামাজিক শান্ত বরাভয়
হটাৎ দাঁড়ালো --- "চোখ গেলো"
আকাশেও মেঘ
কিছুকাল ছিলো নদীবেগ
আকাশেও মেঘ
কিছুকাল ছিলো নদীবেগ।
কোথাও দেখিনি আমি দোপাটির ছায়ায় রয়েছে
কেঁচোর স্মারক স্তম্ভ
কোনোদিন কাউকে দেখেছো নিরঙ্কুশ, অনুভূতিপ্রিয়
বাংলোর পিছনে এক সমুদ্র রয়েছে
পুঁইমাচাটির ----
কী নীল উদ্ধত নীল সমুদ্রের কাছে ----
নদী পড়ে আছে
পেঁপে গাছটির মধু এতো কি সুদূর !
আবার তোমাকে দেখা, সেগুন-মঞ্জরী,
তুমি কিছু কথা দেবে ?
কালকে জানাবে ?
--- ভালোবাসো কিনা ?
মনে হয়, কিছুই দেবে না।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।