জেলের মেয়ে
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ২ মিনিট পড়ার সময় ·
ভুট্টো ক্ষেতের পাশে মোদের ছোট্ট কুটিরখানি;
শিয়র দিয়ে যাচ্চে বেয়ে ময়না গাঙের পানি-
এক্কেবারে আমাদের ওই মাদার গাছের তলে;
গাছের ছায়া আধেক ডাঙায়, আধেক পড়ে জলে।
বাবা আমার মস্ত জেলে ময়না গাঙের তীরে-
সাঁঝে বেরোয় নৌকো নিয়ে, পোঁহাত হলে ফিরে।
পাড়ায় যত জেলে আছে, সকল জেলের চেয়ে
বাবা আমার ভারি লায়েক-'পঞ্চ নায়ের' নেয়ে।
গোলা ভরা ধানের রাশি, পালা ভরা খড়-
আসুক না কো কী করবে সে কাল-বোশেখের ঝড়?
দুটো কৃষান চরায় মাঠে দশটা বলদ গাই;
খাওয়া-পরার জন্যে মোদের ভাবনা কিছু নাই।
তবু আমার বুকের মাঝে কেমন করে যেন-
বুঝতে নারি, বলতে নারি-এমন করে কেন!
ইচ্ছা করে দৈবে আমি হতাম যদি ছেলে,
কবে কোথায় যেতাম চলে ঘরের খেলা ফেলে!
দিনের বেলায় বসি যখন মাদার গাছের তলে,
কত রকম লতাপাতা যায় যে ভেসে জলে;
ভেসে ভেসে কোথায় যাবে ঠিকানা তার নাই-
ইচ্ছা করে-ওদের সাথে কোথায় ভেসে যাই!
ব্যথার ব্যথী নাইকো পাশে নাইকো সঙ্গী-সাথ,
একা একা যায় কি থাকা সকাল থেকে রাত?
ইচ্ছা করে চুপটি করে কোথায় চলে যাই-
কত নদীর বাঁকে বাঁকে, কত নূতন ঠাঁই।
-নিঝুম রাতে বাবার সাথে কত না বাই জাল,
বাবাকে দিই বসিয়ে দাঁড়ে-আমি ধরি হাল;
ঝড়ের মাঝে সামাল সামাল নৌকো দিয়ে পাড়ি
ভোর না হতে আস্ব চলে আবার ফিরে বাড়ি!
কালো জলের কল্কলানি, ফেনা সমুদ্দুরের,
জলের উপর লুকোচুরি মেঘের ও রোদ্দুরের;
ভাদর মাসের ভরা গাঙে ভাসিয়ে দিয়ে ভেলা,
বসে বসে দেখি কেমন কালো জলের খেলা!
তা না হয়ে কোথায় হতে হলাম কি না মেয়ে-
বয়স কাটে ঘরের মাঝে শুয়ে এবং খেয়ে,
কাপড় কেচে বাসন মেজে জালের দড়ি বুনে
সারাটা দিন একলা বসে প্রহর গুনে গুনে!
সূয্যি ডোবে, বাবা বেরোয় জালের পালা নিয়ে,
আঁধার ঘরে কপাট আঁটি একলা মায়ে ঝিয়ে
বাঁশের মাচায় কাঁথার উপর এলিয়ে দিয়ে গা-
চোখটি বোজার আগেই আমার ঘুমিয়ে পড়ে মা!
আঁধার ঘরের আঁধার তখন ঘনিয়ে আসে আরো,
ঝাঁ ঝাঁ করে রাতের আকাশ-সাড়াটি নাই কারো।
বুকের কাছে উঠে পড়ে ভরা গাঙের ঢেউ-
মায়ের কাছে শুয়ে ভাবি নাইকো আমার কেউ!
হাহা করে হাওয়া ডাকে কপাট নাড়া দিয়ে
আমায় বুঝি ডাকছে ভেবে দুয়োর খুলি গিয়ে;
হি হি করে পালায় হাওয়া উড়িয়ে দিয়ে অলক-
সারা রাতের ভিতরে আর পড়ে না মোর পলক।
দিনে রাতে বুকের মাঝে কেমন করে যেন-
বুঝতে নারি বলতে নারি-এমন করে কেন!
গাঙের চরে চেঁচিয়ে মরে রাতের যত পাখি-
আমার চোখে ঘুম আসে না-একলা জেগে থাকি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।