কবির গান
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
বাদরধারা ধরিয়া গেল, উঠিয়া কবি ধীরে
নগর ছাড়ি সুদূর মাঠে চলে,-
পুরব হতে গগন স্রোতে বহিল মৃদু বায়ু
বিছায়ে ছায়া শ্যামল তৃণদলে।
বিজনে একা বসিয়া কবি কণ্ঠ দিল ছাড়ি-
মধুর ধ্বনি ছাড়িয়া ধরা চলে;
মেঘের পথে হাঁসের শ্রেণী চকিতে গেল থেমে,
পাপিয়া লুটি পড়িল পদতলে!
অলির পিছে ফিরিছে ফিঙে, থামিল স্বর শুনি,
লুকাল ফণী কেতকী তরুমূলে;
শিকার হানি নখরতলে চঞ্চু গুঁজি বুকে-
ক্ষুধিত বাজ আহার গেল ভুলে!
কোকিল ভাবে গেয়েছি আমি কত না শত গান,
এমন মধু কেমন করে হবে?
এ যেন গাহে নূতন গীতি নূতন জগতের-
মোদের ধরা ফুরায়ে যাবে যবে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।