ভারত-সন্তানের প্রতি
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
পরাধীন ভারতের, প্রিয়পুত্র যত।
ভ্রান্তিরূপ নিদ্রাবশে, রবে আর কত।।
ক্রমেতে হইল শূন্য, সুখের কলস।
এখনো হরিছ কাল, হইয়া অলস।।
উঠ উঠ, শয্যা ছাড়, শুয়ে কেন আর।
বাহিরেতে কি হয়েছে, দেখ একবার।।
কেন আর ঘুমাইয়া, সময় হারাও।
মশারির দ্বার খুলে, মুখ তুলে চাও।।
এখন আলস্য নহে, বিধান বিহিত।
সাধ্যমতে সিদ্ধ কর, স্বদেশের হিত।।
ঈশ্বরের কাছে করি, আশা এই মতো।
রাজা হোন সুবিচারে, সদাচারে রত।।
বাণীর কৃপায় হোক, রানীর কুশল।
সুখী হও ভারতের, সন্তান সকল।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।