বিশ্বপ্রাণ
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
কে বলে ধরণী জড় নির্জীব নীরব?
প্রতিক্ষণে উঠে যার রহস্য-উৎসব
জলে স্থলে শূন্যে শৈলে ফুলে ফলে গাছে-
এ বিশ্ব-অন্তর-বাসী যে জীবন আছে!
অহোরাত্রি সিন্ধুবক্ষে যে তরঙ্গ উঠে,
ফল হয়ে ফলে যাহা, ফুল হয়ে ফুটে,
অন্ধকারে কাঁদে যাহা, চন্দ্রাকারে হাসে,
হাহাকারে দহে যাহা সাহারার শ্বাসে,
বায়ুরূপে বহে যাহা, মেঘ হয়ে ডাকে;
যে গুঞ্জন উঠে নিত্য বিশ্ব-মধুচাকে,
অনন্ত চেতনাপূর্ণ মহা আয়োজন-
এ যদি না হয়, বল কী তবে জীবন?
প্রভাত না হতে হতে পড়ে যায় বেলা-
জীবন যাহারে বলি-সে তো শুধু খেলা!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।