হর-পার্বতী
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
পার্বতী বলে, ঘর করি এস,
শিব বলে, চল ঘর ছাড়ি,-
এমনি করিয়া চির-দিন দোঁহে
সংসার পারে সংসারী!
ধরায় অধরা গিরি-কৈলাস,
মুক্ত আকাশ, মুক্ত বাতাস,
বন্ধ-মুক্তি যুগলমূর্তি
ইহ-পরকাল কাণ্ডারী।
অন্নপূর্ণা পারে না মিটাতে
ক্ষুধা তার, যে-বা অন্নহীন,-
কুবের যাহার ভাণ্ডারী-সেই
চিরভিক্ষুক জন্মদীন!
দিগম্বরের অম্বর 'পরে,
স্বর্ণ-গোধূলি ঝলমল করে,
দক্ষিণে হাসে সিদ্ধি বিধাতা,
বামেতে লক্ষ্মী বক্ষ-লীন।
নাচে মহাকাল-শিরে জটাজাল,
ঘনায় নিশীথ-অন্ধকার;
লুকায়ে গোপনে গৌরীর দেহে
চন্দ্র দুলায় চন্দ্রহার।
মুক্তি যতই চাহিছে বাহিরে,
বন্ধন যেন ততো ধরে ঘিরে,
সীমায়-অসীমে মিলায়ে বিশ্ব
গাহে মহাগীতি বন্দনার।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।