ফুলের দণ্ড
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
শেষ পাপড়িটি ঝরিয়া পড়েছে ভূমিতলে-
শেষ রেণুকণা বাতাস নিয়াছে লুটি;
কালকে যা ছিল ফুল হয়ে দলে-পরিমলে,
আজ তার শুধু বোঁটার মাঝারে ছুটি!
প্রজাপতি আর ভুলেও সেথায় নাহি বসে,
অলিগুঞ্জন কানে আর নাহি বাজে;
উতলা সমীর গন্ধ আশায় নাহি পশে-
ফুলের দণ্ড দণ্ডরূপেই রাজে!
কোথায় সুরভি কোথায় সুষমা কোথা মধু-
হত-গৌরব গত-শোভা সে যে আজ;
শুষ্ক রুক্ষ জীবনে আর কি মিলে বঁধু?
ফুলেরে ফুটায়ে ফুরায়েছে তার কাজ!
প্রেম গেছে যার; জীবন আর কি তারে সাজে-
রিক্ত কুসুম-বৃন্তের কোথা ঠাঁই?
রূপরসহীন কণ্টক শুধু প্রাণে বাজে-
যার সব গেছে, তারো বেঁচে থাকা চাই!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।