বদলে গেছি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জঙ্গল পাহাড় ডাকে, স্থির হয়ে আছি।
নদী ও সমুদ্র ডাকে, স্থির হয়ে আছি॥
মনে হয়, এই বিছানা ছেড়ে আমি কোথাও যাবো না,
জঙ্গল পাহাড় নদী নিয়ে আসবো আমার বাগানে —
জানলা দিয়ে দেখবো রোরো, শ্বেতপলাশ সেগুনমঞ্জরী,
টিলার মাথায় চড়ে ত্রস্ত দেখবো সম্বার হরিণ,
বিছানায় বসে থেকে একদিন কাঠ হয়ে যাবো,
বিছানায় বসে থেকে ত্রস্ত দেখবো সম্বার হরিণ।
জঙ্গল পাহাড় ডাকে, স্থির হয়ে আছি।
নদী ও সমুদ্র ডাকে, স্থির হয়ে আছি॥
পুরনো পুঁটুলি খুলে দেখি অগোছালো ঘোরাফেরা—
এখন সন্দেহ হয়, বস্তুত, আমি কি ঘুরেছিলাম !
একা কিংবা সবান্ধব এইসব দুরূহ প্রকৃতি—
নদী নালা ঠিকই আছে, সেদিন যেমনটি ছিলো,
আজও—
মাঝে থেকে আমি বদলে গেছি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।