সভ্যতা আমারো মধ্যে আছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সিংহের সমুদ্র, নীল মাছি এসে তাও ভোগ করে
কবিতার পাণ্ডুর প্রতিভা যেন দূরদেশে
সামাজিক দাবি আদায় - তশিলে ব্যস্ত
মোট বয় আগ্নেয় হলুদ
ধর্মতলা, সেবাশ্রম
ঠুটো করতালি দেয়, প্যান্ থেয়িস্ট মনোভাব চাই
নতুবা অরণ্যে এসে দাস - দাসী লুকোচুরি খেলে –
আমরা সর্বস্ব দিয়ে এ কেমন সভ্যতা গড়েছি!
কাজ চাই
খুনের মতনও চাই রক্ত - তামাশায় - মাখা কাজ
চিরদিন
প্রেমেও পঙ্গুতা চাই
শুকনো কাশি শ্লেষ্মায় সুঠাম
উপদ্রবময় দেহ রীতিমতো
সন্তান ফলাবে
আবাদে যেমন চাষা, খড়ে ছাই
আত্মায় উকিল
আমারও নিশ্চিত লোভ রাহাজানি - খুশি - করে - আসা
উখুটে সম্পদে, উড়ো রাঁড়ে
কিন্তু বিহ্বলতা নয় , চৈতন্য সটান করে ব’সে
কুলপুরোহিত যেন
মন্ত্রে চাই সাপ্টে তুলে নিতে
নির্বংশ নৈবেদ্য তার
শুধু তুমি সিংহের সমুদ্র হও কিংবা উদ্বাস্তুর জন্মভূমি
থেকো কাছে
সভ্যতা আমারো মধ্যে আছে॥
কাব্যগ্রন্থ. প্রকাশকাল :
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' ফাল্গুন-১৩৭৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।