শিশুর নেশা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
টলমল টলমল টলিছে চরণ,
এই উঠে, এই বুঝি পড়ে!
মদহীন মত্ততায় হৃদয়-হরণ
কে এল রে মানবের ঘরে
অস্পষ্ট জড়িত কণ্ঠে, ভাঙা-ভাঙা বোল,
মুখময় ঝরিতেছে লালা,
কথার নাহিকো অর্থ-আবোল-তাবোল
ভরে তোলে প্রাণের পেয়ালা!
না জানে শরম লজ্জা, কটির বসন
খসে পড়ে যেখানে-সেখানে,
নাহি চাহে সাজ-সজ্জা, চির নগ্ন মন
বাহিরের বাঁধন না মানে।
ধুলায়-কাদায় সদা যায় গড়াগড়ি
কোথা মান কোথা অপমান!
ভালোমন্দ নাহি বুঝে, আপনা পাসরি
ঘরে-পরে করে সে সমান।
আপন খেয়ালে মত্ত, মহানন্দে ভুলে
আপনাতে আছে নিত্য ভোর
বিনা মদে মাতে, আরো মাতাইয়া তুলে
মানবের চির-চিত্তচোর!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।