একা গেলো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চুম্বন করিনি আগে, ভুল হয়ে গেছে
গ্রহণ করিনি আগে, ভুল হয়ে গেছে
তেমন বাসিনি ভালাে, ভুল হয়ে গেছে
বিসর্জন দিতে আজ গরম পাথর
বুক ভেঙে ওঠে
পাথরে পাথরে লেগে জেগেছে চিক্কুর
মুখময় অই যেন জলপ্রপাতের
প্রসন্ন আদলে গড়া
বৃষ্টি হােক, বৃষ্টি হয়ে যাক্
আকাশ খােলসা হবে
পাথরের ক্রন্দন জরুরি
এ-সময়ে
কাঁদে, ঘিরে ঘিরে কাঁদে
ঘুরে ঘুরে কাঁদে
শবদেহ, মৃন্ময়ীর
শান্ত শব দেহ
মুখশ্রী সিঁদুরে
গরবিনী
শুয়ে আছে
একাকী, আগুনে ছাই হবে ব'লে
আছে জীবন বিচ্ছিন্ন
মাটি-প্রতিমার মতাে
মৃন্ময়ী, যথার্থ নাম!
চুম্বন করিনি আগে, ভুল হয়ে গেছে
গ্রহণ করিনি আগে, ভুল হয়ে গেছে
তেমন বাসিনি ভালাে ভুল হয়ে গেছে
[ দীপক চুম্বন করে মৃন্ময়ীর মুখ]
দুহাতের মধ্যে করে মুখশ্রী স্থাপিত
( উন্মাদ চুম্বনে ভরে প্রয়াত শ্ৰীমুখ।
মাতালের স্খল পায়ে ছেড়ে চলে যায়
চিতা, মাতৃমুখী…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।