ফুলঝুরি, তোমার নাম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ছেলেবেলার ফুলঝুরি, তোমার নাম আমার এখনো মনে আছে।
বলো তো আমার মন ভালো কিনা?
মোরগঝুঁটি ডাকবাক্সে শাদা পাতা ফেলবা মাত্তর কি তুখোড় সব চিঠি-
নিচে লেখা : প্রণাম জানবেন, ভালোবাসা নেবেন।
আরে বাপু, আমি তো ওইটুকুর জন্যেই ব্যাকুল!
সেই যবে থেকে চটা-ওঠা মার্বেল-গুলি জমাই,
যবে থেকে চুড়ি-লপর যোগাযোগে বানাই শিকলি,
অষ্টপ্রহর বুকে ছিপি এঁটে গুমোরে মাটিতে পা পড়ে না;
তবে থেকেই, ভালোবাসা, তোমার জন্যে ওৎ পেতে আছি।
জন্মভূমি - কথাটার মধ্যে এক আশ্চর্য মাদুর বিছানো আছে,
তাতেও শুয়ে দেখতে পারো।
জ্বালাযন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও টের পাই-
মানুষ যেমন ফুল, মানুষ তেমনি কাঁটা!
ঘরের ভেতরকার আসবাবে হোঁচট খেলেও তো তাকে রাখো!
সুতরাং-
ভালো মনকে বুঝ দিতে সময় লাগার কথা নয়
ফুলঝুরি, তোমার নাম আমার এখনো মনে আছে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।