চলে গেলো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সেই প্রতিষ্ঠান ভেঙে ফিরে আসে পাগল কিশোর
যেখানে অনেকে ছিলো, শিকড় বসিয়ে তীব্র ভূমি
দখল করে ও সুখ অনুভব করেছে বিস্তৃত—
স্বাভাবিক অগ্নি-বৃষ্টি-বাতাসের বন্ধুতা ছিনিয়ে।
প্রতিষ্ঠানে কেন গেলো? একাকিত্ব অসহ্য হওয়ায়?
কিংবা কোনো চোরা টান জোর করে
সংযুক্ত করেছে মানুষে-সমুদ্রে-জলে, ভয়াবহ বশ্যতার কাছে—
একদিন।
প্রতিষ্ঠান ভাঙা, মানে নিজেকে কুঠার করে তোলা।
না হলে হবার নয়—রসে-বশে সম্পৃক্ত সংসার
গিলে খায় স্বাধীনতা, মুক্ত মাঠ, বাতাসের রাশি,
একদিন, আসি—বলে,চলে যাওয়া বাধ্যতামূলক।
যে যায় যে যেতে পারে সে অনেক বলিষ্ঠ পাগল,
কিশোর বেলার নাগপাশে বন্দী খেলাচ্ছলে ভরা— হোক,
তবু চলে গেলো, এমন কি বলেও গেলো না।
অগ্রন্থিত কবিতা -
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।