বিরহে যদি দাঁড়িয়ে ওঠো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আসলে কেউ বড়াে হয় না, বড়াের মতাে দেখায়।
নকলে আর আসলে তাকে বড়াের মতাে দেখায়,
গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কতাে ছােটো,
সােনার তাল তাংড়ে ধরে পেয়েছাে ধূলিমুঠো।
ভালবাসার দীঘিতে কতাে করেছাে অবগাহন,
পেয়েছো সুখ দুঃখ আর ছলে ভােলানাে দাহ।
পুড়েছো বনে মালার মতাে, যাওনি তবু ছেড়ে,
যতক্ষণ স্মৃতি - আড়াল নিয়েছে তাকে কেড়ে।
আসলে তুমি ক্ষুদ্র ছােট , ফুলের মতাে বাগানে ফোটো—
বিরহে যদি দাঁড়িয়ে ওঠো, ভূতের মতাে দেখায় !
গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কতো ছােট।
কাব্যগ্রন্থ
'কোথাকার তরবারি কোথায় রেখেছ'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।