স্বপ্ন, তোমাদের প্রতি আর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
স্বপ্নের কোথায় শেষ ? স্বপ্ন, তোমাদের প্রতি আর
চোখ ফেরাবো না, আমি কোনোদিনও চোখ ফেরাবো না।
হাতের অনর্থ হাতই ভেঙে দিয়ে করে সমাহার,
জীবনই জীবন ভাঙে, মৃত্যু তারে কখনো ভাঙে না।
তোমরা আমার দোষই দাও বারেবার, আমি দোষী।
ও ভালোবাসার মর্ম বুঝতে পার না হলেও
ক্ষতি কি আমার তোমরা ওকে দেখো,
বলো না রাক্ষসী, প্রেতিনী, খলের সেরা।
ওর কাছে ঋণী তা সত্ত্বেও !
ঋণ কিছু কম নাকি একবার মিলিত দৃষ্টিতে ?
ঋণ কিছু কম নাকি বুকের শুষ্কতা ভিজে গেলে ?
উৎসন্ন ক্ষেতের শস্য যদি ঘাস; বিচারে, বৃষ্টিতে
দুষ্য ; কী - যথেষ্ট তবে, এই বুকে ভালোবাসা পেলে ?
স্বপ্নের কোথায় শেষ? স্বপ্ন, তোমাদের প্রতি আর
চোখ ফেরাবো না, আমি কোনোদিনও চোখ ফেরাবো না।
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
' কিছু মায়া রয়ে গেলো ' (বইমেলা/ জানুয়ারি
১৯৯৭ )
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।