পুরনো নতুন দুঃখ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যে-দুঃখ পুরনো, তাকে কাছে এসে বসতে বলি আজ
আমি বসে আছি, আছে ছায়া, তার পাশে যদি দুঃখ এসে বসে
বেশ লাগে, মনে হয়, নতুন দুঃখকে বলি যাও
কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে
নষ্ট করো কিছু ফুল, জ্বালাও সবুজ পাতা, তছনছ করো
কিছুদিন ঘুরে দুঃখ ক্লান্ত হও, এসো তারপর
পাশে বসো।
এখন এই পুরনো দুঃখকে বসার জায়গা দাও
অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে-পুড়িয়ে
ও আমার কাছে এসে বসতে চায়। কিছুদিন থাক।
শান্তি পাক, সঙ্গ পাক। এসো তারপর।
ও নতুন দুঃখ তুমি এসো তারপর॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।