মানুষ কীভাবে মরে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষ কিভাবে মৃত হয়ে আছে, নিজেও জানে না!
জানে না বলেই মৃত, তার উপর বৃষ্টি দেয় মেঘ-
বান দেয়, টান দেয়---কাছে থেকে দূরে নিয়ে যাবে
এটুকু শপথ তার, স্মৃতি বলে রাখবে না কিছুই,
ফটোগ্রাফ, পা দুখানি, কোনোভাবে আলতায় রাঙানো-
পা দুখানি বড়ো-ছোটো, মৃত্যুর অত্যন্ত পরে-তোলা
রাঙা ভাঙা পদচ্ছাপ, জল সরে গেলে অভিমান
পড়ে থাকে যার নাম প্রতিষ্ঠান, পৃষ্ঠপোষকতা…
মানুষ কীভাবে মৃত হয়ে আছে নিজেও জানে না।
নিজেও জানে না ব'লে মরে যায় বিবাহের পর
সন্তানের বিশ্বরূপ দেখার পরেও মানুষের
মৃত্যু হয়, পুনর্জন্ম আশা ক 'রে, জলে মরে, বানে!
বন্যা খুব তীক্ষ্ণ শব্দ, ও শব্দ আমার ক্ষতি করে
মনে হয়, ভেসে যাই কোনোমতে শুয়োরের সাথে-
ডাঙা থেকে টেনে-আনা-সাপ সাঁতারে আবার
বেনোজলে খুঁড়ে মানুষের সংসারের সবই।
বাঁচায় দুঃখের কিছু খুঁদকুড়ো, বাবুদের-দেওয়া
বাঁহাতের দান-ধ্যান এবং নারীর মৃতদেহ!
কাব্যগ্রন্থ -
" ভাত নেই, পাথর রয়েছে "--
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।