চতুর্দশপদী কবিতাবলী - ১৬
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সময়ের প্রতি নাই অনিশ্চয় সংশয় আমার
জানি, সে আমারে তার সবই দেবে, রাখিবে না
ঢেকে কোনাে মূল্যবান তৃণ। সময়, সময় কত আশা
আমাদের থাকে প্রিয় ভ্রান্তিগুলি, ক্ষমার অধীন।
তুমি মাের প্রিয়তম, তুমি মাের যােগ্যতম নও
সহচর, হে সময়, তুমি ওরে বৃথা লক্ষ্য করাে—
ও তােমারে ভয় করে ; নারীদের প্রিয় তুমি নও
লুঠেরা, ক্ষয়ের মাঝি, ওদের রম্যতা পার করাে
দুর্গম দুঃসাধ্য গূঢ় ছলনায়। হে তােমার মন
ব'লে কিছু নাই, তুমি নির্জন নিশ্চিত বলবান
আমার চেয়েও। তবু, আমিই তােমার অধিকার
সকল পত্তন, যশঃ, নভােস্পর্শী সূচনা তােমার
গ্রাস করি, হে সময়, আমার মৃত্যুর পরে থাকো
আমারই বিধবা যেন, প্রতিসন্ধ্যা প্রদীপ জ্বালাতে!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
[ধ্রুপদী ॥ বৈশাখ ১৩৬৯]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।