মানিনী বর্তমান
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ছিটেবেড়ার দেয়াল ঘিরে ঝকঝকে ঘর ছোট্ট উঠোনখানি
একটু সবুজ ঢলঢলে পুঁই, তার মধ্যেই সুখ বেঁধেছো সখি
নিপুণ নাবালিকার মতো, চোখের তীরে কাজলরেখা টানি,
দুয়োরে পা ছড়িয়ে বসে কাপড় হতে তুলছো করুণ পাখি।
একা থাকো বড়ই একা দুপুরবেলা দুরন্ত হয় ঝড়।
মনের মধ্যে গন্ধ হয়ে ঘুরতে থাকে, সে কি আমার পর?
তোমার জন্যে কিনে আনি পাটের কাপড় ভাজা নকুলদানা,
উঠোন ভরে সুখের তুলো, তখন বুঝি বাইরে খেতে মানা ?
ছিটেবেড়ার দেয়াল ঘিরে রহস্যময় ঝকঝকে তোর ঘর,
মনের মধ্যে গন্ধ হয়ে ঘুরছে প্রিয় নিরালা অন্তর।
গুঁড়িয়ে দেবো গুঁড়িয়ে দেবো বাতুল যত পুরোনো ফুলদানি।
আঁচল দিয়ে বাঁধো আমায়, আঁচলে তোর আগুন হয়ে জ্বলি
সাপের মতন ওষ্ঠে রাখো বিষের বাসন, সুনীল পদ্মকলি,
ঘূর্ণি হাওয়ায় ঘোরে না মন, গন্ধ বহে তোমার দেহে রানি
কাব্যগ্রন্থ – প্রকাশকাল :
'সকলে প্রত্যেকে এক ' নভেম্বর-১৯৯৯
কণিষ্ক ১৯৫৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।