চতুর্দশপদী কবিতাবলী - ৮২
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কখনাে যাইনি কাছে, মনে হয় তােমার প্রতিমা
কৃত্তি কুমােরের গড়া, চালচিত্রে আপাদমস্তক
গ্রামের বাংলার ঐ অতসীকুসুমে - ভরা সীমা
তােমার, প্রকৃতপক্ষে বাংলাদেশ, নিশ্চিন্ত স্তাবক।
ছেড়ে এলে যে বেদনা, আমি তার অংশীদার নই
অনভিজ্ঞ, দুঃখকে মেলাতে চাই, যদি পাই হেমন্তসংকুল
পরিবেশ; বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে —মুগ্ধ হই
স্বপ্নে, বারবার — আমি লক্ষ্য করি, ফুটেছে শিমুল
তােমার দোসর গাছে, শুধু কাছে আসে না প্রতীকে—
আপদ্মমেঘনায় তুমি সুবিস্তৃত, তাই মনে হয়
তােমার প্রতীক তুমি ; খােলামাঠ, শস্যের উজ্জ্বল
গােলা ও নবান্ন আর সচ্ছল জীবন্ত বাংলা ভাষা ...
আমি সে - ভাষার জন্যে ঘুরে মরি, শহরে ভিক্ষের
ঝুলি কাঁধে ঝুঁকে -পড়া — পথ আদিগন্ত অবিচল॥
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।