ঘুমহারা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
তুমি আমায় বকছ কেন, মা!
আজকে আমার ঘুম যে আসছে না-
ঘুমাই কেমন করে?
কী সব কথাই মনে যে-মা, আসে-
এইখানেতে বাবা শুতেন পাশে,
গলাটি মোর ধরে।
আচ্ছা-মা, ওই কালো ঘোড়ায় চড়ে
কোথায় গেলেন? যদি, মা-যান পড়ে-
ঘোড়া যে বজ্জাত!
বল্ না মাগো- কোসনে কেন কথা?
খেলেন কোথায়, শুলেনই বা কোথা-
এখন যে, মা-রাত?
(বাহির-দোরে কে ঠেলে ওই আগল
এরি মধ্যে ফিরে আসবে? পাগল!) -
বকতে আমি পারিনি রাত-ভোর,
পোড়া চোখে ঘুম কেন নাই তোর?
আচ্ছা, মা-ঘুম কোথায় থেকে আসে?
দিনে বুঝি লুকিয়ে থাকে-মা, সে-
কোথায় ঘুমের বাড়ি?
সবাই রাতে ঘুমায়-ঘুম তো মেলা!
কাদের সাথে তাদের মা আজ খেলা-
আমার বুঝি 'আড়ি'!
ঝিঁঝিদেরও আড়ি, তাইতে ডাকে,
সারারাত মা জেগে তারা থাকে--
শুধু বাজনা বাজায়
জোনাক্-পোকাও ঘুমায় না মা, রাতে,
রোজই বিয়ে হয় মা, কাদের সাথে-
রোজই আলো সাজায়?
-তোর সাথে আর বকতে পারিনি-
পোড়া চোখে ঘুমের হল কি? -
তোরও, মা-আজ কী হয়েছে যেন!
রোজ কথা কোস্-আজকে এমন কেন?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।