তীক্ষ্ণ তরবারি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষের মধ্যে থেকে মানুষের কাছাকাছি থেকে
একটি সম্ভাব্য ক্ষতি হয়ে গেছে যখন আমার—
মনে হয়, আর তার কাছে থাকা নিরর্থক হবে
হয়তো বা দূরে গেলে তাকে ভালোবাসাও সম্ভব
একদিন, তা না হলে উভয়ত সম্পর্ক স্থাপনে
জটিলতা বৃদ্ধি পাবে, মানুষে—মানুষে মুখোমুখি
হবে না কখনো আর, প্রেম–প্রীতি স্নেহ নিবন্ধন
এবং আড়ালে গিয়ে দীর্ঘ হবে তীক্ষ্ণ তরবারি।
মানুষের মুক্তি নেই, মানুষের হাত থেকে আজ
বাঁচাতে পারবে না তাকে প্রকৃতির নিষ্ক্রিয় শুচিতা।
স্থবিরতা ঢের ভালো, বিকল্পে চাঞ্চল্য গুপ্তপথ
খোঁড়ে আর তাড়া করে, এমন কি, প্রান্তর–মুখিকে—
শিশুকেও মাতৃক্রোড়ে হত্যা করে বাধ্য রাজনীতি।
এও কি মানুষে করে? যে—মানুষ বসেছে হৃদয়ে!
কাব্যগ্রন্থ
'প্রভু নষ্ট হয়ে যাই'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।