এখনো তোমার নাম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখনো তোমার নাম, এখনো তোমার আনাগোনা
এখনো তোমার সেই কথাগুলি কান পেতে শোনা
'প্রিয়তম দেখা হলো কবে '
মনে পড়ে, বিবাহ-উৎসবে
বারান্দার কোণ থেকে উড়ে গেলে পাখি
বিষয়ে নিবিষ্ট হলো যে-মন বৈরাগী।
ছিলাম নৌকায় ভাসি শ্রাবণের জলে
তুমি তীর হতে ডেকেছিলে কৌতূহলে:
'চিরদিন রবে? '
'জানি না কখন তীরে ফিরে আসা হবে! '
দূরদূরান্তের জলে খেলা করে কালো
হয়ত তুমিও ঘরে সন্ধ্যাদীপ জ্বালো
হয়ত তুমিও জ্বালো ধূপ
আমার ভিতরে অন্ধকূপ
আশা করে আলো
হয়ত তুমিও ঘরে সন্ধ্যাদীপ জ্বালো !
এখনো তোমার নাম, এখনো তোমার আনাগোনা
এখনো তোমার সেই কথাগুলি কান পেতে শোনা
'প্রিয়তমা, কতদিন হবে
তোমায় প্রথম দেখা বিবাহ-উৎসবে?
২৩.৭.১৯৬৪
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।