চতুর্দশপদী কবিতাবলী - ১২
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
হৃদয়দ্বীপের ফুলে ফুটেছে সুরভি, তুমি জানাে
তুমি অন্তরীক্ষ হতে মদপূর্ণ মেঘেরে ফাটাও
আমাদের মর্ম' পরে, ওই দ্বীপে সকলে স্বাধীন—
কেবল একাকী হাঁস ঘুরে যায়, ঘুরে-ঘুরে যায়।
দ্বীপের প্রকৃতি তার জানা নাই, ও তাে সরােবরে
ছিলাে ভাল, কে পাঠালে ওরে আজ হৃদয় ঘেরিতে?
হে সুরভি, ক্ষমা করাে, করাে ক্ষমা আমাদের' পরে—
যখন একাকী হাঁস ঘুরে যায়, ঘুরে-ঘুরে যায়।
আমার নির্দিষ্ট ভালােবাসা দিয়ে ঢেকেছি তােমারে
হে শ্রান্তি-শিশিরে-মাখা ফুলগুলি গােলাপের মত;
তবু সুরভিরে তুমি ডেকে আনাে বীরত্বব্যঞ্জক
গােধূলি-আলােকে যুদ্ধ হবে মাের হাঁসের সহিত—
যাহাদের পাখা আছে, যাহাদের আনখ হলুদ
আসমুদ্রহিমাচল যাহাদের আশ্রয় সুদূরে॥
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
[ধ্রুপদী ॥ বৈশাখ ১৩৬৯]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।