এখানে জন্মের
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখানে জন্মের কিছু দাগ রয়ে গেছে
অত্যন্ত সহজে জলে, রেললাইনে আর
পেয়ারাবনের ফাঁকে, সবেদার গাছে
এখানে জন্মের কিছু দাগ রয়ে গেছে।
কীভাবে উঠেছে সিঁড়ি ? এপাশে আঁতুড়
অন্যদিকে সিঁড়িঘর সটান উঠেছে
তন্নিষ্ঠ ছাদের গায়ে নতুন আলিশ
যে গ্যাছে সে কিছুই দ্যাখেনি
দ্যাখেনি বলেই গ্যাছে, গ্যাছে বলে সুসন্তান সব
একযোগে বাড়িঘর ধুয়ে-মুছে, সাফ করে রেখেছে
সে এমন ছিল, সে তো নগদে বিক্রয় করত ঢিল—
গ্যাছে বলে বাঁচা গেছে, এ-প্রজন্ম ক্ষমা ভিক্ষা করে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।