চতুর্দশপদী কবিতাবলী - ৭৪
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
হাতে ধরে শিখায়েছাে বালুকায় হাঁটিব কেমনে
দয়াময়! শেফালির ফুলে ও পাতায় ভরে আছো—
কোমলতা দেখে দেখে চোখগুলি হয়েছে কঠোর
যা ধরা দেবে না তারে ধরিব না, দেখিতে থাকিব
ফলের স্বকীয় রসে কেমন শৌখিন হয় বেলা
নগ্ন নারী-পুরুষের মত হয়ে যায় অকাতর
দিতে কোনাে শ্রদ্ধা নেই, নেবারও দীনতা যথাযথ—
হাতে ধরে শিখায়েছাে বালুকায় হাঁটিব কেমনে?
হাঁটিতে শিখেছি সেই কবে থেকে, এখনাে তােমার
হাতখানি ধরা চাই, বুঝে নেওয়া চাই—বুঝিব না
কিছুই ব্যতীত তুমি, এ কি অবলম্বনের ঘাের
এ কি পিতৃপরিচয়? ছিলাে মাের নিযুক্ত বাসনা —
একাকী বাসিব ভালাে, একাকী মরিব, সে-ও ভালাে
তুমি আসি বামনেরে উপযুক্ততায় তুলে ধরাে॥
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।