ভস্ম অবশেষ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমাকে তুমি যত চিঠি লিখতে ভালোবাসার ভাষায়,
আমি সমস্ত এক পুরাতন সিন্দুকে রাখতাম তুলে।
দীর্ঘ জীবন আমাদের
অবশ্যই তার চেয়ে অল্প ছোটো ছিলো আমাদের ভালোবাসার কালাকাল
তুমি অনেকবার অনেক অরণ্যে গিয়ে বাস করেছো বাংলোয়
তুমি অনেকবার অনেক পান্থশালা সরাইখানায় কাটিয়েছো রাত
অনেক সমুদ্র দেখেছো তুমি, অনেক পাহাড় - পর্বত কান্ঞ্চনজঙ্ঘা
দেখেছো তুমি অনেক
নদী, ভল্লুক, ঝরনা, চা-বাগান দেখেছো তুমি
স্তুূপে মন্দিরে বোধগয়ায় ঘুরেছো তুমি অনেক
নৌকা, মোটর, রিক্সায় গিয়েছো তুমি অনন্তকাল
আমি তোমার সমস্ত চিঠি এক পুরাতন সিন্দুকে রেখে দিয়েছিলাম।
কোথাও যেতে ভালোবাসতাম না আমি
তোমার দেখাই তো আমার দেখা -----
আমি যক্ষের মতো সেই পুরাতন সিন্দুক বুকে করে বসে থাকতাম
ডাক-পিওন তোমার চিঠি দিয়ে যেত সকাল- সন্ধ্যা নিয়মিত
শীতের জামাকাপড়ের মতো অনেক পুরাতন চিঠি
আমি শুকিয়ে নিয়েছি রোদ্দুরে
মখমলের রেশমের মতো দামি চিঠিগুলি আমি সিন্দুকে ভাঁজ করে
রেখে দিয়েছিলাম
নানান দেশের মিউজিয়াম দেখেছো তুমি অনেক
লাইব্রেরি, বইয়ের দোকান কিংবা হাজারদুয়ারি দেখেছো তুমি অনেক
ঘর থেকে পথ, পথ থেকে নদী, নদী থেকে পর্বতে ঘুরেছো তুমি কতই
এমন করে ঘুরতে-ঘুরতে একসময় তোমার শেষ চিঠি এলো
কাছে আমার
আর কোনদিন কোনো চিঠি আসবে না বলে সিন্দুকে তালা লাগিয়ে
এই রাতের উঠোনে এসে দাঁড়ালাম আমি
আকাশের পানে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ
সন্ঞ্চরমাণ মেঘের মাঝে ভাসছে নাতিশীতোষ্ণ চাঁদ এক
দেখলাম আমি
দীর্ঘজীবন ধরে যাকে তুমি খুঁজে বেড়িয়েছো সে কেবল সিন্দুকে
রত্ন ভরতেই ব্যস্ত ছিলো।।
(কাব্যগ্রন্থ : সোনার মাছি খুন করেছি)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।