একটি কবিতা ছিলো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটি কবিতা ছিলো দামি
আর সব
বছরের টানে-আসা দিনের মতন তুচ্ছ…
যেন একটি বাড়ি
আর সব বাড়ির ধারায় গড়া নয়, যেন স্বয়ংসম্ভুত
প্রেমের মতন স্পষ্ট, স্পষ্ট নয়, রহস্যের বশে
মরচে-পড়া দুঃখের আধুলি
একটি কবিতা ছিলো দামি
আর সব
বছরের টানে-আসা দিনের মতন তুচ্ছ…
পারস্পর্যহীন
যেন একটি কান
আর সব কানের ধারায় গড়া নয়, যেন স্বয়ংসম্ভুত
মানুষের মতো স্পষ্ট, স্পষ্ট নয়, মননের শুঁড়
তাকেও বলেছে স্বর্গে পৌছে দেবে…
এখানে একাকী
একটি কবিতা নিয়ে, দামি আমি দোকানই বানাবো।
কৃতিবাস,
২৩-০২-১৯৬৯
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।