পোড়াতে চাই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দরজায় কয়েকটা ফুটো, কুঠো কিছু লোক ভিতরের
আধো অন্ধকারে বসে পোড়াচ্ছে কী যেন।
গন্ধবাস গুমোট হাওয়ায়... ফুলগুলো ছড়িয়ে রয়েছে
পাক হচ্ছে।
ইটের মাথায় চাপা বক্নোয় সেদ্দ হচ্ছে কিছু
কাঠকুটো নেই, কবিতার কিছু বই, খবরকাগজে
মোড়া ঘাসপাতা থেকে তৈরি জাব হয়তো বেঁটে খাবে
কিছুটা বিলোবে
রাজনীতি ভাষ্যকার নেমন্তন্ন খাবে এসে মাঝরাতে
চাঁদের মতন
বলবে, গূঢ় গুহ্য তার ছলাকলা তীব্র ইন্দ্রজাল,
কালো টাকা আলো করা মেসিনের নমুনা দেখাবে
কুঠো লোকদের ঐসব কিছু জানাও দরকার—
কাজ চাই, কিছু কালো কাজ চাই – ফুটো খুঁড়ে
আলো এঘরে আসুক, তার আগে
নজরবন্দীর সংখ্যা কীভাবে বাড়ানো যায় তার হিস্যা
হোক।
ফোলা ফাঁপা মিছিলের মতো লোক এখানে দরকার
কুঠো লোক এখানে দরকার
কাঠকুটো নয়, কিছু কবিতার বই চাই উনুন ধরাতে
যার কোন দাম নেই তেমন লেখক কিছু এখানে
পোড়াতে চাই।
কাব্যগ্রন্থ
' ভাত নেই, পাথর রয়েছে '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।