ভাষা
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
হায় হায় পরিতাপে পরিপূর্ণ দেশ।
দেশের ভাষার প্রতি সকলের দ্বেষ।।
অগাধ দুঃখের জলে সদা ভাসে ভাষা।
কোনোমতে নাহি তার জীবনের আশা ।।
নিশাযোগে নলিনী যেরূপ হয় ক্ষীণা।
বঙ্গভাষা সেইরূপ দিন দিন দীনা।।
অপমান অনাদর প্রতি ঘরে ঘরে।
কোনোরূপে কেহ নাহি সমাদর করে।।
এই রূপে হইতেছে শাস্ত্রের সংসার।
রীতি নীতি প্রাণ ত্যাজে সঙ্গে সঙ্গে তার।।
লোকের ভাষার প্রতি ভাব দেখে বাঁকা।
সমাচার পত্রে লিখে কত যাবে রাখা।।
শুন হে দেশের লোক দ্বেষ পরিহর।
পরস্পর পত্র প্রতি সমাদর কর ।।
জানিলে জাতীয় বিদ্যা সুখ তাহে নানা।
থাকিতে উজ্জ্বল নেত্র কেন হও কানা ।।
জ্ঞান বিদ্যা সুখ আদি সভ্য হয় যাহে।
রীতি মতো সুবিহিত যত্ন কর তাহে।।
যাঁহার ইচ্ছায় সৃষ্টি হইল সকল।
সংবাদ পত্রের তিনি করুন মঙ্গল।॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।