আমায়, পথ থেকে পথে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমায় পথ থেকে পথে ছুটিয়ে নিয়ে চলেছিল ঐ
মখমল-কোমল কুকুর
তার থাবায় ঘাসে-শিশিরে-মেশা নরম আওয়াজ
আমার কানে বেজেছিলে বন্ধুর মতো
বিস্মরণের মতো আমার চিরপুরোনো ভালোবাসার ভিতরে
আজো তোমাদের পরিপূর্ণ ফটোগ্রাফ
সেই স্বপ্নগুলি, সেই নিথর সজল রাজহাঁসগুলির
উটের মতো সতৃষ্ণ হলুদ গ্রীবা
সেই সব ধারালো মুখচোখ, কানের উপর ঝাউয়ের মতো
ভাঙা-ভাঙা চুলের রাশি
সেইসব অন্ধকার রাতে দেয়ালের পাশের নির্জন
চাঁদের তলের মর্মর পরশ…
যা কিছু তুলে রেখে দাও, সব ভালোভাবে তোলা থাকে
বিশৃঙ্খলার মাঝেও কবিতা লেখা হয়
গলির দুপাশে দুটি মুখোমুখি প্রাসাদ-বাতায়ন থেকে
দুই রঙের আলো এসে পড়েছে
মানুষের জন্মমৃত্যু কোনো অস্তিত্ব-নিরাস্তিত্বেরই নয়
কোনোদিকেই রাজনৈতিক ও সচেতন ভোট নেই মানুষের
তবু সচেতনভাবে বিহ্বল কুকুর এক আমায় পথ থেকে
পথে, ছুটিয়ে নিয়ে চলেছিলো সাজাবে বলে
বৈঠকখানার টেবিলের উপর
একসময় এ্যাশটের মতো চেহারা ছিলো আমার
তখন অনেক অর্ধমৃত মেয়েমানুষ এসে
আমার ভিতরে ডুবে মরেছিলো
তাদের সকলের নিশ্বাস আমার গায়ের ভিতর কালো
ঝামার মতো গিয়েছে বসে
তাদের সকলের নিশ্বাস সকলের কলঙ্কের মতো গিয়েছে বসে
পরিত্রাণহীন পুরোনো আশট্রে আমি,
আরো পুরানে টেবিলে–টেৰিলে
ভেসে বেড়িয়েছি
কুকুরের মতো সচল বিশ্বাসে পথে নামিনি বহুদিন
পথে নামিনি কেননা পথ হতে আর উদ্ধার নেই আমার
সেই কুকুরটি যে-পথে গিয়েছে সে-পথে আমি কখনো
যেতে পারবো না ভেবে
চৌমাথার কাছে পুলিশের মতো কর্তব্যপরায়ণ হয়ে
দাঁড়িয়েছিলাম আমি—
কেবল মধ্যরাতে চাঁদ আমায় কয়েকবার ঠেলে–ঠেলে
ঘুম ভাঙাবার চেষ্টা করেছিলো
আমি একটি নতুন বন্দুক স্বপ্নের মাঝে
পরিষ্কার করতে ঝুঁকে পড়েছিলাম
আমি হৃদয়ের মতো পুরীর সমুদ্রের বালুবেলায়
হেঁটে বেড়িয়েছি অনেক
কত না নীলাভ কাঁধ একবার ওঠে আর পরক্ষণে ভেঙে পড়ে
গভীর গভীরতম সচেতন স্বপ্নে আমি নতুন একটি বন্দুক
পরিষ্কার করতে ঝুঁকে পড়েছিলাম
কত ক্রুর ভালোবাসার আকাঙ্ক্ষা করেছিলাম আমি
যে-সরোবরে ঘাট নেই—চেয়েছিলাম আমি সেই সরোবর
আকাশে ভেসে যেতে-যেতে সরোবরে ঝরে যেতে হয়
লাফিয়ে পড়তে হয় ক্রমাগত
তেমন ক্রুর ভালোবাসার আশায় বন্দুক হাতে
নিদ্রিত হ'য়ে পড়েছিলাম আমি॥
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
' হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ' ফাল্গুন-১৩৭৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।