কে বেশি সুন্দর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কে বেশি সুন্দর? চাঁদ, তুমি?
না ঐ চাঁদের নিচে, পাগল, তোমার চেয়ে থাকা
কে বেশি সুন্দর বুঝে নিতে ঐ একাকী দাঁড়ানো
হরিণী, হে স্থিরচিত্র, মৃত্যুঞ্জয় শিল্পীর তুলিতে।
জানি না, উতলা চাঁদ, তোমাকেই পাগল করেছে
নাকি তুমি করেছো পাগল ওকে নাভিগন্ধে, একাকী দাঁড়িয়ে----
রূপের বিনাশ নেই, দুজনেই জানো
পুষ্পরূপ নামিয়েছে মাথা
প্রকৃতি হয়েছে নম্র, তোমাদের সম্পর্কে সুন্দর
আকুলতা টের পেয়ে, টের পেয়ে দুজনের প্রেম
তোমাদের অভিন্নতা এই প্রাচ্য শিল্পীর তুলিতে
মায়াময় হয়ে আছে----
কে বেশি সুন্দর? চাঁদ, তুমি?
হরিণী, সুন্দরতমা তুমি?
কাব্যগ্রন্থ -
" আমি চলে যেতে পারি "
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।