এই খেলাটি একলা আমার
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এই খেলাটি একলা আমার, খেলবো—যেমন চিরকালের
চক্মিলানো খেলছে বাড়ি, যার মানুষে আলোক-কানা
এই খেলাটি একলা আমার, খেলবো—যেন তার কপালের
কাচপোকাটি তেমনি থাকে, চারদিকে জল, খন্দ-খানা
কেশ করেছি আবোল-তাবোল, চুম্বনে ঐ দগ্ধ গালের
আধখানা খাই, আধলা রাখি— বুক ভরে বাস হাস্নুহানার
এই খেলাটি একলা আমার, তোর সেখানে খেলতে মানা।
বাড়িতে, আজ সাধ করেছি ফুল পালংক রাখবো ঢেকে
পিলসুজে পিদ্দিম জ্বালাবো উঠোন জুড়ে হ্যাজাক-বাতির
চোদ্দো-শিখায় জ্বলবে আগুন, তার মানে পথ সন্ধে থেকে
উড়নচণ্ডী কন্দ খুঁজে বুক-ভাঙা এক পাগলা হাতি—
কিন্তু খেলা একলা আমার খিড়কি-সদর বন্ধ রেখে
এই খেলাটি একলা আমার কাল-কবিত্ব-পুচ্ছে লাথি
এবং বাহুবন্দি মিনার কামড়ালো কোন্ স্বর্ণজাতি?
এই খেলাটি একলা আমার, খেলবো—যেন তার কপালের
কাচপোকাটি তেমনি থাকে, চারদিকে জল, খন্দ-খানা
নদীর দুটো দিকই দরকার, আমি তো আর ব্রিজ বাঁধছি না?
বেশ করেছি আবোল-তাবোল, চুম্বনে ঐ দগ্ধ গালের
আধখানা খাই, আধলা রাখি— বুক ভরে বাস হাস্নুহানার
কিন্তু খেলা একলা আমার, তোর সেখানে খেলতে মানা।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।