আকাশে-বাতাসে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আকাশে বাতাসে ছড়ায় অন্ধকার
নিভে যায় ঘর-দুয়ারে সোনার আলো
যা কিছু গেয়েছি—তাহাতে হয় নি ভার
এবার, হে প্রিয়, মরি যদি সেও ভালো।
এমনও দেখেছি—আকাশের উজ্জ্বলা
শামিয়ানা ছুঁতে উদ্ধত কিংশুকে
এমনও দেখেছি—শেষ হতে কথা বলা
শ্রাবণের মেঘ উঠানে পড়েছে ঝুঁকে
রাজবাড়ি থেকে ভেসে আসে কত গান
জোছনা নিশীথে অপ্সরা কথা বলে
প্রিয় হে, তোমায় তখন কী দেবো দান?
ক্ষণিক সুখে কি প্রলুব্ধ হলে চলে?
অগ্রন্থিত কবিতা
৩০.৬.৬৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।