ঊরু
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নিরুপম ও যুগ্ম ঢাল লতাগুল্ম শিকড়ের দাগ
লঘু প্রিয় শিল্পকাজে চিত্রিত মাটির পুষ্পপাত্র
উষ্ণ, গোল, পূর্ণাধার, সংযুক্তি কি আমার প্রয়াগ ?
ঝর্না করো মুগ্ধধারা আমি শেষ লম্পট অমাত্য
নিশ্চিন্ত চতুর মুদ্রা শরীরের সর্বত্র রেখেছো
অধরোষ্ঠ, স্তনচূড়, গুহানাভি, বাহুগর্ত, গণ্ড
নানাবিধ পরিচ্ছদ, নানা ভঙ্গি চক্ষুতে প্ৰমূৰ্চ্ছ
বিহ্বল স্ত্রীপক্ষী যাদু কামতৃপ্তি কোথায় প্রচণ্ড?
মানুষের মতো ভদ্র ছোঁয়া যাবে উল্লিখিত রূপ
স্তনের চন্দনস্তূপ গলে যাবে মুখের গহ্বরে
অন্যবিধ চিহ্নগুলি রক্তাপ্লুত, উদ্গত মীনান্তক যোনিকূপ
সংযুক্তির শীর্ষবিন্দু, পাতাল, চৌচির পুড়ছে ঘরে
অস্ত্রাঘাত করে শূন্য শবদেহ মহৎ ক্লান্তিতে
ঘুমোয় সম্রাট, রুগ্ন, অত্যুজ্জ্বল দুর্মূল্য পাথর।
'অগ্রন্থিত কবিতা'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।