সেই ফেলে-আসা রুমাল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কালই তো তোমার কথা উঠেছিলো
তুমি নাকি শীতকালে কেবল বেড়াতে ভালোবাসো
তুমি চিরদিন নাকি ছিলে না এমন
শ্রাবণের মেঘ যবে ভরেছিলো শান্তিনিকেতন
তুমি ছিলে তোমার আড়ালে
হৃদয়-জড়ানো কার মাকড়সার জালে
তুমি ধরা পড়েছিলে নাকি
কোনদিন ?
এই তো সময় সব শেফালির বকুলের তোমার-আমার
চারিদিকে খুলে যায় দ্বার
সকলেই বলে 'এসো এসো'
কোনোদিকে যাবো না এবার
কোনোদিকে চোখ ফেরাবার
এবার সময় পাবো নাকো
গতবার ডিসেম্বরে তোমাদের গৃহস্থ-বাড়ির ভিতরে গিয়েছি ঢুকে
কত কথা বলেছি অবাধে
এবার তোমার অপরাধে
এবার সবার অপরাধে
একটি কথাও নয়
একটি কথাও যোগ্য নয়
তোমাকে বলেছি আমি ----হৃদয়ের হলো অপচয়
তা ঠিক ----কেননা সব জয়
গড়ে ওঠে ধ্বংসের উপরে
কে যেন কাহাকে জয় করে
স্পষ্টতর নয় ----
এ-সবই অস্পষ্টভাবে জেনেছিলো তোমার হৃদয়!
তোমার হৃদয় আরও জানে
বেড়ানোর ছলে সেই ফেলে-আসা রুমালের মানে॥
কাব্যগ্রন্থ :
"ধর্মে আছো জিরাফেও আছো"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।