বনের মধ্যে মনের মধ্যে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সারাটা দিন টুকরাে করে ছড়িয়ে দিচ্ছি বনের মধ্যে
যেমন কাগজ টুকরােগুলাে
যেমন পাতা, গাছের মাথা ছড়িয়ে দিচ্ছি সারাটা দিন
বনের মধ্যে রাস্তাগুলাে
ঠাণ্ডা সবুজ তৃণে - ঢাকা মনের মধ্যে রাস্তাগুলাে
ছড়িয়ে দিচ্ছি যেমন তােমরা
ছড়িয়ে ছিলে শিমুলতুলাে
সারাটা দিন মনের মধ্যে সারাটা দিন বনের মধ্যে
টুকরাে করে ছড়িয়ে দিচ্ছি
যেমন কাগজ টুকরােগুলাে
যেমন পাতা, গাছের মাথা ছড়িয়ে দিচ্ছি
সারাটা দিন মনের মধ্যে রাস্তাগুলাে!
কাব্যগ্রন্থ. প্রকাশকাল :
'উড়ন্ত সিংহাসন' মাঘ ১৩৮৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।