অন্ধ আমি অন্তরে বাহিরে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পাহাড়ের চূড়া থেকে আমার নিশ্বাস ঠেলে
ক্রমাগত অন্ধকার পড়ে
দূরে কাছে জনপদ, সিংহাসন জেগে ওঠে
মানুষের হৃদয়ের কাছে
দুই সিংহাসন নিয়ে মানুষের এই খেলা,
মানুষের এই বর্ধমান
শােক আর সাধ আর সিঁড়ি ও নরম জলরেখা ...
স্পষ্টত সবাই চেনে, সকলের চিন্তা ও কাজের
ভিতরে মসৃণ হয় মসৃণ করার চেষ্টা হয়, হতে থাকে।
আমি প্রাণপণ এক শিরােনাম নিয়ে নির্যাতন
পেতে থাকি রক্ত ঐ আধভাঙা রবীন্দ্রনাথের
উচ্চারণ অন্ধ আমি [হায় অন্ধ] অন্তরে বাহিরে!
মানুষ অনেকে অন্ধ, অনেকের অন্ধতা গিয়েছে
বুঝেছি যাবার নয় আমার চোখের ভিক্ষা, চাপ ...
যদি কৃপা করাে, যাই, সন্তানের মুখ দেখে আসি।
কাব্যগ্রন্থ :
"সুখে আছি"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।