প্রেমের প্রবেশ
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
প্রেম প্রবেশিল জানালার পথে,
ধন প্রবেশিল দ্বারে;
ধনেরে দেখিয়া আসিয়াছ বুঝি?
শুধালাম আমি তারে।
প্রেম পাখা নাড়ি কহিল কাঁদিয়া
করুণ মধুর স্বরে,-
গরিবের গৃহে যেমন আমার,
তেমনি ধনীর ঘরে!
ধন বাহিরিল জানালার পথে,
দারিদ্র্য ঢুকিল দ্বারে;
ধনের সঙ্গে যাবেন এবার?
শুধালাম আমি তারে।
প্রেম পাখা নাড়ি কহিল কাঁদিয়া-
মিথ্যা কহিছ কেন?
ধন-সে তোমারে ছাড়িল বলিয়া
আমি আরো কাছে জেনো!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।