অন্ধকার দেয় তারো বেশি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
উজ্জ্বলতা কতটুকু দিতে পারে, যা দেয় আঁধার
যা দেয় আঁধার, পাপ, ছিন্নমুণ্ড, নরকের ধোঁয়া
উজ্জ্বল দিতে পারে সেই সব ? দিতে পারে নাকি ?
রোদ্দুর অনেক দেয়, অন্ধকার দেয় তারো বেশি—
ছিন্ন ও বিচ্ছিন্ন মাংস রেখে দেয় মাটির ভিতরে
মানুষের মজ্জা পোড়ে শ্রদ্ধাময় অন্ধকার জ্বরে
রোদ্দুর অনেক দেয়, অন্ধকার দেয় তারো বেশি।
প্রেম কিছু দেয়, কিন্তু প্রেমের হীনতা দেয় খুব
বিরহ, গোপন মেঘ, হিংস্র থাবা, জিহ্বা ও যন্ত্রণা
পর্যুদস্ত করে দেয় আনন্দে আনন্দে সারাদিনই—
রোদ্দুর অনেক দেয়, অন্ধকার দেয় তারো বেশি!
কাব্যগ্রন্থ
'ভাত নেই, পাথর রয়েছে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।