প্রতীক্ষা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
আমি শুনেছি সে প্রতি সাঁঝে
সুদূর আকাশ মাঝে
মধুর বাঁশরি বাজে আমারে ডাকি;-
তাই প্রতিদিন নিশাকালে
সবকাজ দূরে ফেলে
মুক্ত জানালামূলে বসিয়া থাকি!
আমি জানি যে আমারে ডাকে
সে হোথা চাহিয়া থাকে
উজল তারার ফাঁকে আঁখিটি রাখি-
তাই প্রতিদিন নিশাকালে
সবকাজ দূরে ফেলে
মুক্ত জানালামূলে বসিয়া থাকি!
আমি শুনেছি এ মরদেশে
চিরপরিচিত বেশে
সে কোন্ রজনী শেষে আসিবে নাকি-
আমি সেই আশা চোখে নিয়া
অনিমেষ তাকাইয়া
মুক্ত জানালামূলে বসিয়া থাকি!
পাছে হেথা আসিবার কালে
অজানা বেদনাজালে
কোথা ধরা পড়ে মোর হারান পাখি;-
তাই প্রতিদিন নিশাকালে
সব কাজ দূরে ফেলে
মুক্ত জানালামূলে বসিয়া থাকি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।