দেয়ালা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
জননীর কোলে শুয়ে শিশু করে স্বপন-দেয়ালা
শূন্য 'পরে চেয়ে কার পানে;
কী ক'রে ভরিয়া ওঠে কোথা তার রসের পেয়ালা,
কে পিয়ায়-তাই বা কে জানে!
কভু হাসে কভু কাঁদে কভু ভয়ে আকুঞ্চিত ভুরু-
অভিমানে ঠোঁট দুটি ফুলে;
ওইটুকু কচি বুক কোন্ ভয়ে করে দুরুদুরু,
কী বেদনা ওই মর্মমূলে!
সদ্যবিকশিত পুষ্প-তারো আছে সুখদুখভয়
তারো মাঝে ফুটে অভিমান,
রহস্য খুঁজিতে গিয়ে বাড়ে শুধু অপার বিস্ময়-
কে বুঝিবে তাহার সন্ধান!
মোরাও শিশুরই মতো হাসি কাঁদি করি মুখভার
যতক্ষণ নাহি কাটে বেলা,
কোথা কোন্ অলক্ষিতে সেই জানে অর্থ শুধু তার-
যে জন খেলায় এই খেলা!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।