একটানা একজীবনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জলের উপর ভাসতে-ভাসতে অর্ধেক জীবন খরচ হয়ে গেলো
বাকিটা ডুবেই থাকবো
দেখি না কী হয় ?
আগে ছিলুম জাহাজ আর নৌকো-ডিঙির সঙ্গী-সাথী
আশেপাশে সাঁতারু সিন্ধুশকুন আর উড়ুক্কু মাছ ছিলো না কি আর?
সক্কলে ছিলো ——
তাদের অনেকের সঙ্গেই ছিলো ইয়ার-দোস্তি
সপ্তাহেন্তে ঢেউ-ঢেঁকুর বিয়ে-থার নেমত্তন্নও জুটতো
নোক-নকুতো ছিলো সবই, রাজনীতি পার্টিমিটিং শোকসভা
আজ শেষের অর্ধেকটা জীবনটা নিয়ে এই সব চেনাজানা ভাসার
পরিবেশ ফাঁকা ক'রে
আমি একচুমুকে ডুবে যাবো
দেখি না কী হয় ?
কিছুই না হলে দেশভ্রমণ আমার রোখে কে ?
সবার জন্যে তো আর একটানা একজীবন হয় না !
কাব্যগ্রন্থ --
"হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।