সরোবরে সন্ধ্যা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
শরাস্তৃত সরোবর; তীরে তীরে তারি তালিবনশ্রেণী;
শ্যামল-সরসী-শিরে পদ্ম-বিভূষণা শৈবালের বেণী।
ধীরে নামে সন্ধ্যাসতী ধূসর অঞ্চল অম্বরে লুটায়ে;
ঝিল্লির মঞ্জীর মালা ঝিমি-ঝিমি-ঝিমি বাজে পায়ে পায়ে।
জনশূন্য দুটি তীর-ধীবরসন্তান গেছে ঘরে ফিরে, ডোঙাগুলি কূলে বাঁধা শিহরিয়া কাঁপে সন্ধ্যার সমীরে; গোধন গুছায়ে লয়ে নিভ-নিভ হতে গোধূলি-আলোক, ফেলিয়া কলার ভেলা, ঘরে ফিরে গেছে রাখাল বালক।
নিভৃত কুলায়ে দিল মরালের দল শেষ পাখাঝাড়া,
নিঃসঙ্গ মরাল-শিশু চীৎকারিছে দূরে হয়ে দলছাড়া;
ধূসর আকাশপটে তরঙ্গিয়া দিয়া দ্রুবঙ্কিম রেখা-
অস্পষ্ট নক্ষত্রালোকে বাদুড়ের শ্রেণী ঊর্ধ্বে দিল দেখা।
সিক্ত শৈবালের গন্ধে পূর্ণ হ'য়ে উঠে সন্ধ্যার বাতাস; হিমসিক্ত শস্যক্ষেত্র তারি সাথে ফেলে দিনান্ত-নিশ্বাস। জলে জলে নভস্তলে মোহিনী সন্ধ্যার নির্বাক মন্তরে-অশরীরী কম্পযন্ত্রে শান্তিরসধারা ঝর-ঝর ঝরে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।